যশোরে ট্রাকচালককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বকচর এলাকায় সুমন হোসেন (৪০) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন বকচর এলাকার আইয়ুব আলীর ছেলে।

হত্যাকারীদের আটকের দাবিতে সন্ধ্যা সাতটা থেকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট, মনিহার প্রেক্ষাগৃহ মোড়, খাজুরা ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে রাস্তা অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা। এতে ঢাকাগামী দূরপাল্লার ও স্বল্পপাল্লার যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী শত শত যানবাহন আটকা পড়ে। আকস্মিক এ অবরোধে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমন হোসেন বিকেল সাড়ে চারটার দিকে বকচর এলাকার চৌধুরী মিলের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় তিন দুর্বৃত্ত হঠাৎ সেখানে গিয়ে তাঁর মাথা, ঘাড়, গলা ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি আজিজুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এক শ্রমিক ভাইকে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে সড়ক অবরোধ করা হয়েছে। এটি পরিকল্পিত কোনো কর্মসূচি নয়। মানুষকে কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয়। আমরা চাই, খুনিদের আটক করা হোক।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কী কারণে বা কারা হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।