যশোরে ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪
যশোর সদর উপজেলার মানিকদিহি রেলক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ওই প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়।
হতাহত ব্যক্তিরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলার পাচারই গ্রামের আবদুল কাদেরের ছেলে রেজাউল করিম (৪৫), যশোর সদর উপজেলার পীরেরহাট গ্রামের জয়া রানী দাশ (৫০) ও তাঁর নাতি চয়ন দাশ (১২)। একজনের নাম-পরিচয় জানা যায়নি। নিহত চয়ন দাশের মা দীপিকাসহ আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চয়নের কাকা চিত্তরঞ্জন দাশ বলেন, দীপিকা ওই প্রাইভেট কারে তাঁর শাশুড়ি জয়া রানী ও ছেলে চয়নকে নিয়ে বাবার বাড়ি কেশবপুর থেকে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট কারটি মানিকদিহি রেলক্রসিংয়ে উঠলে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে ওই চারজন নিহত হন। আহত হন প্রাইভেট কারের আরও দুই যাত্রী।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।