যশোরে ডাকাতদের দুপক্ষের গোলাগুলি একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার কানাইতলা এলাকায় ডাকাত দলের দুপক্ষের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর গতকাল শনিবার সকালে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কানাইতলা এলাকায় ডাকাতেরা রশি টানিয়ে ডাকাতি করার চেষ্টা করে। এ সময় ডাকাতদের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সকালে তাঁর মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় একটি গুলি ওই ব্যক্তির মাথায় বিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গতকাল শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে নিহত ওই ব্যক্তির পরিবারের কাউকে পাওয়া যায়নি। ওসি ইলিয়াস হোসেন বলেন, লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানেই লাশের ময়নাতদন্ত করা হবে।