যশোরে ডিবি পরিচয়ে একজনকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদাপোশাকধারী একদল লোক গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যশোরের শার্শা উপজেলা থেকে হাতেম মোল্লা নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যশোর প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন হাতেমের স্ত্রী নাছিমা খাতুন। হাতেম উপজেলার অগ্রভূলট গ্রামের বাসিন্দা। তিনি পুরোনো মোটরসাইকেল কেনাবেচা করতেন।
লিখিত অভিযোগে নাছিমা খাতুন বলেন, ১০ মে বিকেলে তাঁর স্বামী বাড়িতে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে সাদাপোশাক পরা পাঁচজন তাঁদের বাড়িতে আসেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাতেম মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁরা তাঁর ছেলের বুকে পিস্তল ধরে হত্যার হুমকি দেন। তাঁরা নাছিমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে একটি মোটরসাইকেলে তুলে হাতেমকে নিয়ে যান।
নাছিমা খাতুন আরও বলেন, জেলা ডিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এমন কোনো বিষয় তাদের জানা নেই। শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নেয়নি। ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘তাঁকে (হাতেম) র্যাব নিয়ে গেছে। আরও কিছুদিন অপেক্ষা করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে ডিবি যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক প্রথম আলোকে বলেন, হাতেম মোল্লা নামে শার্শা থেকে কাউকে তুলে আনা হয়নি।
জিডি না নেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ওসি মো. মনিরুজ্জামান বলেন, হাতেম মোল্লা ভারতীয় চোরাই মোটরসাইকেলের ব্যবসা করেন। তাঁর পরিবারের সদস্যরা জিডি করতে নয়, খোঁজখবর নিতে এসেছিলেন। খোঁজখবর নেওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে। র্যাব নিয়ে গেছে—এমন কথাও বলেননি।
যশোর র্যাব-৬-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবদুল কুদ্দুস বলেন, র্যাবের সদস্যরা হাতেম মোল্লা নামের কাউকে তুলে আনেননি।