যশোরে তরিকুলসহ বিএনপির পাঁচ নেতার বাড়িতে বোমা হামলা
যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ পাঁচজন নেতার বাড়িতে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে আজ শুক্রবার দুপুর একটা পর্যন্ত দুর্বৃত্তরা এসব হামলা চালায়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত একটার দিকে কয়েকজন সন্ত্রাসী শহরের ঘোপ এলাকার তরিকুল ইসলামের বাড়িতে পাঁচটি বোমা ছোড়ে। বোমার স্প্লিন্টারের আঘাতে তাঁর বাড়ির দোতলার জানালার কাচ ভেঙে যায়। এর আগে গত ২৮ জানুয়ারি রাতেও তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হকসহ কয়েক নেতার বাড়িতে একইভাবে বোমা হামলা হয়েছিল।
যশোর শহর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গতকাল রাতে তাঁর নিজের বাড়িসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বাড়িতে ৩০টিরও বেশি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার–আতঙ্কে আমরা রাতে বাড়িতে থাকতে পারছি না। এর মধ্যে বাড়িতে বোমা হামলা চালানো হচ্ছে। এর ফলে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছি।’
তবে হামলার খবর জানে না বলে দাবি করেছে পুলিশ। এ ব্যাপারে জানার জন্য যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া ফোন ধরেন। তিনি বলেন, ‘পুলিশ পাঠানো হয়েছে। এখনো খবর জানা যায়নি। ওসি সাহেব হয়তো বলতে পারবেন। সন্ধ্যার পরে যোগাযোগ করেন।’ পরে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমার জানা নেই।’