যশোরে তরুণ গুলিবিদ্ধ
যশোর শহরের নিকুঞ্জ মোড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে সাব্বির হোসেন (২৫) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। সাব্বির শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের সালাউদ্দিন আহমেদের ছেলে। তিনি শহরের বেসরকারি একটি হাসপাতালে কাজ করেন।
সাব্বিরের পরিবারের দাবি, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাব্বির বাড়ি থেকে শহরের দড়াটানা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে নিকুঞ্জ মোড়ে দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে সাব্বিরকে গুলি করে পালিয়ে যায়। দুটি গুলি সাব্বিরের পিঠে বিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় লোকজন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাব্বিরের ভাই জুয়েল আহমেদ বলেন, ‘সাব্বির জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের অনুসারী। সাব্বিরকে স্থানীয় সাকিব ও রাশেদের নেতৃত্বে চার-পাঁচজন গুলি করেছেন। বিষয়টি পুলিশকে বলা হয়েছে।’
সাকিব ও রাশেদ পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।