যশোরে তিনটি লাশ উদ্ধার
যশোরের শার্শা ও মনিরামপুর উপজেলার পৃথক জায়গা থেকে আজ শনিবার সকালে তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে দুটি অপমৃত্যু ও একটি হত্যা মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রবীন্দ্রনাথ বৈরাগী (৫০)। বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের কানাইখাল গ্রামের রাজগঞ্জ বাঁওড়ের পানিতে আজ সকালে একটি লাশ ভাসতে দেখেন এক নৈশপ্রহরী। তিনি এলাকার লোকজনকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ছাড়া বাঁওড়ের পার্শ্ববর্তী মেহগনিবাগানে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রবীন্দ্রনাথ বৈরাগী নামের অপর ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, বাঁওড়ের পানি থেকে উদ্ধার করা ব্যক্তি দু-তিন দিন আগে মারা গেছেন বলে বলে ধারণা করা হচ্ছে। রবীন্দ্রনাথের স্বজনদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন। চিকিৎসা নিতে ভারতে যাওয়ার জন্য পুটখালী সীমান্তে আসেন তিনি। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আজ সকালে মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের পুড়াডাঙ্গা গ্রামের একটি মাছের ঘেরের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, আজ সকালে এক ব্যক্তি গরুর ঘাস কাটতে গিয়ে বস্তাটি দেখেন। বস্তার মুখ খুলে লাশ দেখতে পান তিনি। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
মনিরামপুর থানার ওসি খবির আহমেদ প্রথম আলোকে বলেন, হাত-পা বাঁধা অবস্থায় বস্তার ভেতর লাশটি পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মনিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।