যশোরে দিনদুপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার উপশহর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবলীগের কর্মী এনামুল ইসলামের স্বজনদের আহাজারি। ছবিটি যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে দুপুরে তোলা l প্রথম আলো
যশোর সদর উপজেলার উপশহর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবলীগের কর্মী এনামুল ইসলামের স্বজনদের আহাজারি। ছবিটি যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে দুপুরে তোলা l প্রথম আলো

যশোরে গতকাল রোববার দিনদুপুরে এনামুল ইসলাম ওরফে কাজল (৩২) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এনামুলের বাড়ি যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের এ ব্লকে। বাবার নাম মৃত আশরাফ আলী। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। আটক হওয়া দুজন হলেন মো. ইকবাল ও বিল্লাল হোসেন। তাঁরা সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, যুবলীগের কর্মী এনামুল সহযোগী ইকবাল ও বিল্লালকে নিয়ে গতকাল দুপুরে মোটরসাইকেলে উপশহরের এ ব্লক থেকে উপশহর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর একটি মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত তাঁদের গতি রোধ করে। তারা অতর্কিতে এনামুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় ইকবাল ও বিল্লাল ভয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এনামুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন উপপরিদর্শক রুহুল কুদ্দুস। তিনি প্রথম আলোকে বলেন, লাশের বুক, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ৩১টি জখমের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এনামুলকে কারা, কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এনামুলের সঙ্গে থাকা দুজনকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, ২০০০ সালের দিকে উপশহর এলাকায় আবু সুফিয়ান নামের এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন নিহত এনামুল। দুই বছর আগে তিনি কারাগার থেকে মুক্তি পান।