যশোরে নাবিল ও শাহীন অনুসারীদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে জেলা যুবলীগের সদস্যসহ চারজন আহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর ঈদগাহ মাঠে মিছিল নিয়ে ঢোকার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন— জেলা যুবলীগের সদস্য ও শহরের ওয়াপদা মোড় এলাকার রাজীবুল আলম (৪২), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শহরের ষষ্টীতলাপাড়া এলাকার আশরাফুল কবির শিকদার (৪০), শহরের রায়পাড়া এলাকার ইমাম হোসেন (২২) ও কারবালা এলাকার বিপ্লব (৩০)।

যশোর জেলা আওয়ামী লীগ দুই অংশে বিভক্ত। একাংশের নেতৃত্বে সাংসদ নাবিল আহমেদ ও অপর অংশের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। সকাল সাড়ে ১০টার দিকে নাবিল আহমেদের অনুসারীরা একটি মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশের চেষ্টা করলে শাহীন চাকলাদারের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হন।

নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত হাসপাতালে চিকিৎসাধীন রাজীবুল আলম সাংবাদিকদের জানান, প্রায় দুই হাজার নেতা–কর্মীর মিছিল নিয়ে তাঁরা জনসভাস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। ঈদগাহ মোড়ে পৌঁছালে শাহীন চাকলাদারের লোকজন তাঁদের মিছিলে বাধা দেন। কারণ জানতে এগিয়ে গেলে তাঁরা ছুরি মারেন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, সভাস্থলের আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাস্থলে ছিলেন না। তিনি যশোর মতিউর রহমান বিমানঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন। পরে বেলা তিনটার দিকে তিনি যশোর ঈদগাহ মাঠের জনসভায় ভাষণ দেন।