যশোরে নির্মাণশ্রমিককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার বাঁশডাঙ্গা গ্রামে মানোয়ার হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

মনোয়ার হোসেন ইমারত নির্মাণশ্রমিক ছিলেন। তাঁর বাড়ি বাঁশডাঙ্গা গ্রামে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতে বাঁশডাঙ্গা গ্রামের একটি বাড়িতে পূর্ব পরিচিত দুই ব্যক্তির সঙ্গে মানোয়ার দাওয়াত খেতে যান। সেখান থেকে ফেরার পথে বাঁশডাঙ্গা স্কুল মাঠের পাশে পৌঁছালে পরিচিত দুজনের মধ্য থেকে একজন মানোয়ারকে গুলি করেন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দীন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মানোয়ারের সঙ্গে থাকা দুজনের একজন এ ঘটনার সঙ্গে জড়িত। হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।