যশোরে নয় হাজার ইয়াবাসহ চারজন আটক
যশোর সদর উপজেলার আদর্শপাড়া গ্রাম থেকে নয় হাজার ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত ওই গ্রামে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার পুলিশ তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ গ্রামের অমিত শিকদার (৩৫), সোনালীডাঙ্গা গ্রামের আবু সাঈদ (৪৭), দফাদারপাড়া গ্রামের মোছা. তুলি (২০) ও বারোবাজার পিরোজপুর গ্রামের মোছা. বুলবুলি (৩৫)। সবাই যশোর সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের আবদুল হান্নানের বাড়ির ভাড়াটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আদর্শপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বুলবুলির স্বামী রবিউল ইসলাম পালিয়ে যান। তাঁদের কাছ থেকে নয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার হয়।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটক সবাই ঝিনাইদহ জেলার বাসিন্দা। অমিত ছাড়া সবাই পরস্পর আত্মীয়। যশোরে ভাড়াবাড়িতে থেকে তাঁরা ইয়াবার ব্যবসা করতেন। তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে দুটি ঘর থেকে নয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। অমিত তাঁদের সহযোগী হিসেবে কাজ করতেন। কারাগারে পাঠানোর জন্য কাল বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হবে।