যশোর শহরের মণিহার প্রেক্ষাগৃহ এলাকায় ইমরান হোসেন (২৩) নামের এক পরিবহনশ্রমিককে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ইমরান যশোর সদর উপজেলার ভগবতীপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় ইমরানের দুই সহযোগীকেও ছুরি মেরে জখম করা হয়। তাঁরা হলেন আল-আমিন (১৮) ও সাজ্জাদ হোসেন (১৮)। গুরুতর অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পরিবহনের অপর শ্রমিক সবুজকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সবুজ যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসিন্দা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, দুই দিন আগে পরিবহনশ্রমিক ইমরান অপর শ্রমিক সবুজকে মারধর করেন। সেই ঘটনার জের ধরে সবুজ তাঁর তিন সহযোগীকে সঙ্গে নিয়ে ইমরানের ওপর চড়াও হন। এ সময় তাঁরা ইমরানসহ তিনজনকে ছুরি মেরে জখম করেন। সবুজকে পিটুনি দিয়ে হাত-পা ভেঙে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশি হেফাজতে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পস্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ইমরান যশোর-নড়াইল সড়কের জে.ই পরিবহনের শ্রমিক। গতকাল রাতে পরিবহন রেখে তিনি মণিহার প্রেক্ষাগৃহ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় সবুজসহ কয়েকজন তাঁকে ছুরি মারেন। ঠেকাতে গেলে আল-আমিন ও সাজ্জাদ হোসেনকেও ছুরি মারা হয়।