যশোরে শিবির কর্মীকে পিটিয়ে হত্যা, আহত ২
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের এক ছাত্রকে আজ সোমবার বিকেলে পিটিয়ে হত্যা করা হয়েছে। যশোর শহরের রেলগেট এলাকায় হাবিবুল্লাহ (২২) নামের ওই ছাত্রকে হত্যা করা হয়। বেধড়ক পিটুনিতে আহত হয়েছেন একই কলেজের কামরুল হাসান (২২) ও আল মামুন (২১) নামের আরও দুই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াতে ইসলামীর যশোর জেলা কমিটির প্রচার সম্পাদক সাহাব উদ্দীনের দাবি, নিহত হাবিবুল্লাহ ছাত্রশিবিরের কর্মী। ছাত্রলীগের কর্মীরা তাঁকে হত্যা করেছেন। কামরুল ও আল মামুনের পরিচয়ের ব্যাপারে অবশ্য তিনি কিছু জানাননি।
অবশ্য ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করে বলছে, নাশকতার পরিকল্পনার জন্য বৈঠকের সময় স্থানীয় লোকজনই ওই তিনজনকে পিটিয়েছে। পুলিশ বলছে, ওই তিনজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
নিহত হাবিবুল্লাহ কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামে। আহত কামরুলের বাড়ি বাঘারপাড়া উপজেলার ছোটক্ষুদ্রা গ্রামে। আল মামুনের (২১) বাড়ি অভয়নগর উপজেলার মাগুরা গ্রামে। কামরুল ওই কলেজের অর্থনীতি ও মামুন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এই তিনজন পরস্পরের বন্ধু ছিলেন বলে কলেজ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে যশোরের রেলগেট এলাকার নির্ঝরা ছাত্রাবাসে ছিলেন হাবিবুল্লাহ ও কামরুল। কয়েকজন যুবক সেখানে ঢুকে তাঁদের মারতে মারতে পাশের আসিফ ছাত্রাবাসে নিয়ে যান। ওই ছাত্রাবাসে ছিলেন আল মামুন। যুবকেরা হাবিবুল্লাহ, কামরুল ও আল মামুনকে একসঙ্গে পেটাতে থাকেন। আহত আল মামুনকে আসিফ ছাত্রাবাসে ফেলে অন্য দুজনকে নিয়ে কলেজের আসাদ হলে যান তাঁরা। সেখানে ওই দুইজনকে আরেক দফা পেটানোর পর হলের পাশে ফেলে যুবকেরা চলে যান।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী প্রথম আলোকে বলেন, বিকেল পৌনে চারটার দিকে এমএম কলেজ ক্যাম্পাসের আসাদ হলের পাশ থেকে হাবিবুল্লাহ ও কামরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ভর্তির আধ ঘণ্টা পর হাবিবুল্লাহ মারা যান। শহরের রেলগেট এলাকার আসিফ ছাত্রাবাস থেকে আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাবিবুল্লাহর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুই ছাত্র অচেতন অবস্থায় হাসপাতালের মেঝেতে পড়ে আছেন।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘রেলগেট এলাকার ছাত্রশিবিরের একটি মেসে বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনা হয়। বিকেলে ওই মেসে ছাত্রশিবির বৈঠক করছিল। এ সময় স্থানীয় লোকজন ওই মেসে গিয়ে ছাত্রশিবিরের কর্মীদের পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে।’
হাবিবুল্লাহর মা আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে বাড়িতে থাকত। আজ পরীক্ষা দেওয়ার জন্য সে কলেজে গিয়েছিল। সে কোনো রাজনীতি করত না।
আহত কামরুলের বাবা মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতি করে না। কারা কীভাবে মেরেছে, তা আমরা কিছুই জানতে পারিনি।’
আল মামুনের বোন সীমা খাতুন বলেন, ‘আমার ভাই রাজনীতি করে না।’
এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, ওই তিনজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত চলছে।