যশোরে পিটুনিতে তিন নেতা-কর্মী জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে একই জায়গায় সমাবেশ করা নিয়ে যুবলীগ ও শ্রমিক লীগের কিছু নেতা-কর্মীর ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে তাদের পিটুনি ও ছুরিকাঘাতে জখম হয়েছেন যুবলীগের তিন নেতা-কর্মী। গুরুতর অবস্থায় তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে চট্টগ্রামে কোন্দলের জের ধরে গতকাল শনিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হন তিনজন।

যশোরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই হামলার ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, সদস্য মমিনুর রহমান ও সেলিম রেজা। শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান প্রথম আলোকে জানান, এ তিনজনের মধ্যে অশোক ও সেলিম ছুরিকাঘাতে জখম হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের দুজনকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে বিবদমান দুই পক্ষই শহরে মিছিল ও সমাবেশ করেছে। এ সময় মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

যশোরে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোর দায়িত্বশীল কিছু নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এ জেলায় ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা মূলত দুভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে আছেন স্থানীয় সাংসদ কাজী নাবিল আহমেদ এবং অন্য ভাগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। শুক্রবার রাতে হামলায় আহত তিনজন সাংসদের অনুসারী।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকার একই স্থানে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে শোক দিবসের সমাবেশের প্রস্তুতি নিয়ে কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। কেউ আটক হননি।

ঘটনার ব্যাপারে সাংসদের অনুসারী বলে পরিচিত যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, শোক দিবস উপলক্ষে যুবলীগ ও শ্রমিক লীগের পক্ষ থেকে ওই এলাকায় মাসব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী শনিবার (গতকাল) বিকেলে তাদের সমাবেশ হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে মঞ্চ প্রস্তুতের জন্য যুবলীগ ও শ্রমিক লীগের কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। এ সময় শাহীন চাকলাদারের সমর্থকেরা ২০-৩০টি মোটরসাইকেলে গিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় ছুরিকাঘাত করা হয়।

অভিযোগ অস্বীকার করে শাহীন চাকলাদারের অনুসারী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘ওই স্থানে জেলা ছাত্রলীগ মাসব্যাপী অনুষ্ঠান পালনের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে মঞ্চ তৈরি করা হলে সাংসদের সমর্থকেরা আমাদের মঞ্চ ভেঙে দেন। তখন ছাত্রলীগের লোকজন ঘটনাস্থলে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে ওই সন্ত্রাসীদের ধাওয়া দেন। এ সময় কেউ আহত হয়ে থাকতে পারেন।’

চট্টগ্রাম কলেজে সংঘর্ষ

নিজেদের মধ্যে আর দ্বন্দ্ব-সংঘাত নয়—ছয় দিন আগে এমন সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের বিবদমান বিভিন্ন পক্ষ। কিন্তু সপ্তম দিনে এসে ঐক্য ভুলে আবার সংঘাতে জড়াল ছাত্রলীগের দুটি পক্ষ। গতকাল দুপুরে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজনের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়।
এ নিয়ে গত ৪০ দিনের মধ্যে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে ছাত্রলীগের মধ্যে চারবার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।

গতকাল সংঘর্ষে আহত হয়েছেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা দোলন দের অনুসারী ও কলেজের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মোবাশ্বের আলী, একই কলেজ শাখা ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিকের অনুসারী ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হেলাল উদ্দিন ও দ্বিতীয় বর্ষের মো. মামুনুর রশিদ। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হেলাল ও মামুনুর হাসপাতাল ত্যাগ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা দোলন দে ও সুভাষ মল্লিকের অনুসারীদের মধ্যে গতকাল ওই সংঘর্ষ হয়। দোলন দে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সুভাষ মল্লিক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুর ১২টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে দোলনের অনুসারী ছাত্র মোবাশ্বের এলাহী ও তাঁর ভাই তোফাজ্জেল এলাহীর (স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র) ওপর সুভাষের অনুসারীরা হামলা চালান। এ সময় তোফাজ্জেল দৌড়ে রক্ষা পেলেও তাঁর ভাইকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথার এক পাশ থেঁতলে দেওয়া হয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

তবে সুভাষের দাবি, মোবাশ্বের কয়েকজন বহিরাগত নিয়ে তাঁর অনুসারীদের ওপর হামলা করেন। এতে হেলাল উদ্দিন ও মামুনুর রশিদ আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে গুরুতর আহত মোবাশ্বের হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তাঁর অবস্থা আপাতত আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।

হামলার বিষয়ে চকবাজার থানার ওসি নুরুল হুদা প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি। অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।