যশোরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে 'মাদক ব্যবসায়ী' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরতলির নওয়াপাড়া এলাকার খেজুরবাগানে ‘মাদক ব্যবসায়ীদের’ সঙ্গে পুলিশের ‘গোলাগুলিতে’ আবু তালেব (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

তালেবের বাড়ি শহরের বারান্দিপাড়া এলাকায়। বাবার নাম নিয়ামত গাজী।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনের দাবি, ওই এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছিল। পুলিশ সেখানে গিয়ে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

ওসি ইলিয়াস হোসেনের ভাষ্য, আবু তালেব মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, মাদক, ডাকাতিসহ ২৫টি মামলা রয়েছে। তিনি এলাকার ‘দাগি সন্ত্রাসী’। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

সকাল ১০টার দিকে হাসপাতালের মর্গে গিয়ে স্বজনদের কাউকে পাওয়া যায়নি। এ জন্য পরিবারের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।