যশোরে পেছন থেকে গুলি করে আ.লীগ নেতাকে হত্যা
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মোল্লা ওলিয়ার রহমানকে (৬২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই ঘটনায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মালেক। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠন গতকাল উপজেলা শহর নওয়াপাড়ায় দিনব্যাপী হরতাল পালন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার সরখোলা গ্রামের ইউনুস (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওলিয়ার ছিলেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি ও নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য। এ ছাড়া ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
ওলিয়ারের বাড়ি উপজেলার নওয়াপাড়া পৌরসভার সিরাজকাঠিতে। তবে তাঁর বসবাস ছিল পৌরসভার গুয়াখোলা গ্রামে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক জানান, সকাল ছয়টার দিকে গ্রামের বাড়ি সিরাজকাঠি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন ওলিয়ার। পথে তাঁর সঙ্গে ওলিয়ারের দেখা হয়। এরপর তাঁরা দুজন বাইপাস সড়ক ধরে উপজেলা পরিষদের দিকে হাঁটতে থাকেন। সকাল পৌনে সাতটার দিকে উপজেলা পরিষদের কাছে পৌঁছালে তিন সন্ত্রাসী পেছন দিক থেকে মোটরসাইকেলে করে এসে ওলিয়ারকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। একটি গুলি তাঁর বুকের বাঁ পাশ দিয়ে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা তাঁকে (আবদুল মালেক) লক্ষ্য করে গুলি করে। কিন্তু গুলি বের না হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। পরে সন্ত্রাসীরা মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। ওলিয়ারকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় তাঁকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও শ্রমিক সংগঠনগুলোর ডাকা হরতালে নওয়াপাড়া কার্যত অচল হয়ে যায়। খুলনা-ঢাকা মহাসড়কের নওয়াপাড়া অংশে কোনো যানবাহন চলেনি। বাজারের সব দোকানপাট ছিল বন্ধ। এমনকি ভৈরব নদে অবস্থানরত বার্জ ও কার্গো জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ হয়ে যায়।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে ওলিয়ারের ছোট ভাই রেজাউল ইসলাম মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা বুঝতে পারছি না কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা খুনিদের বিচার চাই।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রউদ্দীন আহম্মেদ বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে নওয়াপাড়া পৌরসভায় তিন দফা জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে ওলিয়ারের লাশ দাফন করা হয়েছে।