যশোরে প্রকাশ্যে গুলি করে তরুণকে হত্যা
যশোর শহরে গতকাল শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে এক তরুণকে হত্যা করেছে। পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সুমন হোসেন বিশ্বাস (২০)। তিনি বারান্দীপাড়া কদমতলা এলাকার হানিফ বিশ্বাসের ছেলে। সুমন মাছের ব্যবসা করতেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সুমন পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই এলাকার চারজন খুব কাছাকাছি গিয়ে তাঁর বুকে গুলি করে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুমনের ভাই শুভ বিশ্বাস সাংবাদিকদের বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর ভাইকে খুন করা হয়েছে। এর আগেও একবার সুমনের ওপর একই ব্যক্তিরা হামলা করেছিল।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, যারা গুলি করে হত্যা করেছে, তাদের নাম ও পরিচয় জানা গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। সুমন ও তাঁর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা পরিচিত। তারা একই সঙ্গে চলাফেরা করত। আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে শত্রুতার জেরে সুমনকে গুলি করে হত্যা করা হতে পারে।
ওসি আরও বলেন, নিহত সুমনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকের একটি মামলা রয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।