যশোরে প্রতিমা ভাঙচুরের সময় দুজনকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের কদমতলা এলাকায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় দুই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলো ধর্মতলা এলাকার শামিম ও জসিম। পুলিশি হেফাজতে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতেই যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। এতে শামিম ও জসিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, বুধবার রাতে ধর্মতলা এলাকার সর্বজনীন কালীমন্দিরে গীতা পাঠ করছিলেন পুরোহিত সাধন কুমার পাল। এ সময় শামিম ও জসিমের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত সেখানে হাজির হয়। তারা পুরোহিতের হাত থেকে ধর্মগ্রন্থ কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুরোহিত বাধা দিলে মন্দিরে থাকা রাধাকৃষ্ণ, লক্ষ্মী, গণেশ ও মনসা মূর্তি ভাঙচুর করে তারা। হইচই শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে শামিম ও জসিমকে ধরে পিটুনি দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দীপংকর দাস প্রথম আলোকে বলেন, প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে শহরের চিত্রা মোড়ে শুক্রবার (আজ) বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বোয়ালমারীতেও প্রতিমা ভাঙচুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের আনন্দ বিশ্বাসের বাড়িতে গত বুধবার রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আনন্দ বিশ্বাস অভিযোগ করেন, রাতে কে বা কারা তাঁদের পারিবারিক মন্দিরে ঢুকে কয়েকটি প্রতিমা ভাঙচুর করে।
খবর পেয়ে উপজেলার ডহরনগর ফাঁড়ির পুলিশ এবং রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজার রহমান মোল্লাসহ স্থানীয় কয়েকজন নেতা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডহরনগর ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনায় জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।