যশোরে ফিলিং স্টেশনে দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকায় একটি ফিলিং স্টেশনের ভেতরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে ওই দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক আছেন ওই ফিলিং স্টেশনের এক কর্মচারী।
নিহত ব্যক্তিরা হলেন আবদুল বারী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ওবায়দুর রহমান (৩০) ও সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী লিজন আহমেদ অপু (২৫)। অপুর বাড়ি ফিলিং স্টেশনের পেছনে। তাঁর বাবার নাম সদর উদ্দীন খান। ওবায়দুর একই উপজেলার ধলগ্রাম এলাকার আবদুর রহমান মোল্লার ছেলে।
অপুর বাবা সদর উদ্দীন বলেন, তাঁর ছেলে, ওবায়দুর এবং ফিলিং স্টেশনের কর্মচারী সিরাজুল ইসলাম (২৫) গত রোববার দিবাগত রাতে পাম্পের ভেতরে একটি কক্ষে ঘুমিয়েছিলেন। সকালে তিনি ছেলেকে ডাকতে গিয়ে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে ওবায়দুর ও অপুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর উদ্দীন আরও বলেন, ‘কারও সঙ্গে অপুর শত্রুতা ছিল না। বাড়িতে পাকা ঘর তৈরির কাজ চলছে। তাই মাস দুয়েক ধরে অপু রাতে তেলের পাম্পে ওই কক্ষে ঘুমাত। চাড়াভিটা বাজারে আমার একটি দোকান রয়েছে। সরিষা বিক্রির ৪৫ হাজার টাকা রাতে একজন পাওনাদার দিয়ে যান। নিরাপত্তার কারণে ওই টাকা নিয়ে অপু রাতে পাম্পে ঘুমাতে যায়। ওই টাকার জন্যই হয়তো খুনের ঘটনা ঘটেছে। রাতে একসঙ্গে ঘুমাতে যাওয়ার পর পাম্পের কর্মচারী সিরাজুলকে সকাল থেকে পাওয়া যায়নি। টাকাও পাওয়া যায়নি।’
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, ফিলিং স্টেশনের ভেতরে জমাটবাঁধা ছোপ ছোপ রক্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে আলামত পরীক্ষা-নিরীক্ষা করছেন। পাম্পের অদূরে একটি পুকুরের পাশে রক্তমাখা একটি কুড়াল পড়ে আছে।
যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বলেন, রাতে টাকা নিয়ে অপু পাম্পে ঘুমাতে গিয়েছিলেন। সকালে ওই টাকা এবং সিরাজুলকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই টাকার জন্যই সিরাজুল ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে দুজনকে কুপিয়ে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে গেছেন। পাম্পের অদূরে একটি পুকুরের পাশ থেকে রক্তমাখা কুড়ালটি উদ্ধার করা হয়েছে।
আবদুল বারী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হুমায়ুন কবির বলেন, সাধারণত রাত ১০টার পর পাম্পে আর তেমন বেচাকেনা হয় না। রাত ১১টার পর থেকে আর কাজ থাকে না। ওই রাতে রাতে ম্যানেজার ওবায়দুর, কর্মচারী সিরাজুল ও পাশের বাড়ির ছেলে অপু পাম্পের একটি কক্ষে ঘুমিয়েছিলেন। লাশ দুটি উদ্ধারের পর থেকে সিরাজুলকে পাওয়া যাচ্ছে না। তাঁর বাড়িতে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।