যশোরে বখাটের কারণে স্কুলে যাওয়া বন্ধ?
বখাটেদের উত্ত্যক্তের কারণে যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর মাকে বখাটেরা প্রচণ্ড মারধর করেছে বলে অভিযোগে বলা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। হয়রানি বন্ধের দাবি জানিয়ে ওই শিক্ষার্থীর বাবা যশোরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত আমিনুর, ফিরোজ, আলমগীরসহ স্থানীয় চার বখাটে। গত বুধবার তাঁরা ওই শিক্ষার্থীর উদ্দেশে অশ্লীল উক্তি করেন। এ ছাড়া ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার প্রতিবাদ করলে শিক্ষার্থীর বাবা ও মাকে মারধর করা হয়। এ ঘটনার পর থেকে মেয়েটি ভয়ে স্কুলে যেতে পারছে না। অভিযোগে বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীর বাবা।
হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির মা প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার মেয়ে স্কুল থেকে ফিরে উত্ত্যক্তের কথা জানালে আমরা প্রতিবাদ করি। এ সময় আমিনুর, ফিরোজ, আলমগীরসহ কয়েকজন আমাকে মারধর করে। তারা আমার পেটে লাথি মারে ও কিল-ঘুষি দেয়। এতে আমার কপাল কেটে যায়।’ তিনি অভিযোগ করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইছালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড সদস্য কাওছার আলীকে বলা হয়েছে। আমি কাল (শনিবার) ওই এলাকায় যাব।’
কাওছার আলী উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে বলে দাবি করছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ওই মেয়েটির বাবার সঙ্গে মো. ফিরোজের ২০০ টাকার লেনদেন নিয়ে গত বুধবার কথা-কাটাকাটি হয়। এ সময় ফিরোজের ছেলে আমিনুর মেয়েটির বাবা ও মাকে মারধর করে। ওই মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি পুরোপুরি ঠিক নয়।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম মামুন উজ জামান বলেন, ‘অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ‘অভিযোগের চিঠি এখনো আমার হাতে পৌঁছায়নি। ওই চিঠি পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’