যশোরে বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে দুজন নিহত, আহত ছয়
যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। গুরুতর অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের বদরুদ্দিন ঢালীর ছেলে লাভলু ঢালী (৩৫) ও জাকির হোসেন ঢালী (৪৫) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ হোসেন (২৮)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল সকালে তিন চাকার যানটি (থ্রি-হুইলার) চৌগাছা থেকে যশোরের দিকে আসছিল। যশোর-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের শানতলা এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়াগতিতে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারে থাকা লাভলু ঢালী ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজন হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যান।
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন চৌগাছার ফুলসারা গ্রামের সোহেল (২৫), আশরাফুল (৩০), সাজেদুর (২৬), শওকত (২৬), আসাদ (৩৫) এবং চান্দা আফরা এলাকার উজ্জ্বল (৩০)।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। কিন্তু বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এখনো মামলা হয়নি।’