যশোরে বাস্তুহারা লীগ নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা
যশোরে আওয়ামী বাস্তুহারা লীগের নেতা মনজুর রশিদকে (৫৫) মাথায় পিস্তল ঠেকিয়ে দিনদুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের ব্যস্ততম রবীন্দ্রনাথ ঠাকুর (আরএন) সড়কে এ হত্যাকাণ্ড ঘটায় তারা।
মনজুর রশিদ বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি সপরিবারে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর আদালত থেকে মনজুরসহ পাঁচজন ইজিবাইকে করে হামিদপুরে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। ইজিবাইক আরএন সড়কের হোমিওপ্যাথি কলেজের পাশে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত ইজিবাইক থামিয়ে মনজুরের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুর মারা যান।
আহাদ আলী নামের একজন প্রত্যক্ষদর্শী যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোর এই প্রতিনিধিকে বলেন, ‘আমরা আদালতে কাজ করে একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলাম। পথে দেখলাম, ইজিবাইক হঠাৎ থেমে গেল। একজন হাত বাড়িয়ে মনজুরের মাথায় পিস্তল ঠেকিয়ে একটি গুলি করল। ভয়ে আমরা ইজিবাইক থেকে নেমে দৌড়াতে থাকি। আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসীরা আরও কয়েকটি গুলি ছোড়ে। কিছু বুঝে ওঠার আগেই তারা মোটরসাইকেলে করে খালধার সড়কের দিকে পালিয়ে যায়।’
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী জানান, কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।