যশোরে বিএনপি কর্মীর লাশ উদ্ধার
যশোর শহরের ঘোপ এলাকার পিলু খান সড়ক থেকে আবদুল হাই (৩২) নামে বিএনপির এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আবদুল হাই শহরের ঘোপ বেলতলা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি গাছের চারা উত্পাদনের স্থানীয় একটি নার্সারি দেখাশোনা করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, পিলু খান সড়কের পরিত্যক্ত একটি ভবনের পাশের ফাঁকা জায়গায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত হাইকে নার্সারিতে দেখা গেছে। ভোরে তাঁর লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, উদ্ধারের সময় লাশের গলায় আঘাতের চিহ্ন ছিল। এ জন্য ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে দিয়ে গেছে।’
ওসি দাবি করেন, নিহত হাই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মাদকসংক্রান্ত কোনো বিরোধে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, ‘হাই বিএনপির নেতৃত্ব পর্যায়ের কেউ ছিল না। তবে সে দলের ভালো কর্মী ছিল। মিছিল-মিটিংয়ে তাঁকে পাওয়া যেত।’