যশোরে বিএনপির ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালনের সময় মিছিল বের করায় যশোরে বিএনপির ৩০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় যশোর পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকীসহ ১৮ জনের নাম-পরিচয় উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, গণতন্ত্র হত্যা দিবসের নামে শহরে কালো পতাকা মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন। যে কারণে নাশকতার মামলা দেওয়া হয়েছে।