যশোরে বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় বোমা বিস্ফোরণে ফিরোজ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামিদপুর বাঁওড়ের বেড়িবাঁধের ওপর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ফিরোজ হামিদপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে ফিরোজসহ কয়েকজন যুবক বাঁওড়ের ভেড়ির ওপরে অবস্থান করছিলেন। এ সময় ফিরোজের কাছে থাকা একটি বোমা হাত থেকে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ফিরোজ গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় রাতে তাঁর খালা খাদিজা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী বলেন, ‘ফিরোজের নামে থানায় কোনো মামলা নেই। কোনো দুষ্কর্ম করার জন্য সাত-আটজন যুবক হামিদপুর বাঁওড়ের বেড়িবাঁধের ওপরে অবস্থান করছিল। স্থানীয় লোকজন টের পেলে তড়িঘড়ি করে তারা সেখান থেকে ফিরে আসছিল। এ সময় তাদের কাছে থাকা একটি বোমা হাত থেকে পড়ে বিস্ফোরিত হলে ফিরোজের সারা শরীর ঝলসে যায়। এতে তাঁর মৃত্যু হয়।’ তিনি বলেন, এ ঘটনায় হামিদপুর এলাকা থেকে রবিউল ইসলাম (২২) নামের এ তরুণকে আটক করা হয়েছে।