যশোরে বোমা হামলায় যুবক নিহত
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায় আজ সোমবার সন্ধ্যায় বোমা হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক।
নিহত যুবকের নাম ইমরান কবির ওরফে উজ্জ্বল (৩৫)। তাঁর বাড়ি খোলাডাঙ্গা এলাকায়। একই ঘটনায় ওমর আলী (২৫) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওমর আলী জানান, সন্ধ্যায় তাঁরা দুজন খোলাডাঙ্গা মোড়ের একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। গায়ে বোমার স্প্লিন্টার লেগে তাঁরা দুজনের আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আসার পর জরুরি বিভাগের চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, আহত ওমরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য ও মারামারির পাঁচটি মামলা রয়েছে। এ জন্য ধারণা করা হচ্ছে, তাঁদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ বোমা হামলা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি।