যশোরে ব্যবসায়ীকে গুলি করল দুর্বৃত্তরা
যশোর শহরের ঘোপ বাবলাতলা এলাকায় মির্জা জুলফিকার আলী বেগ (৩৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুলফিকার বেগ সেন্ট্রাল সড়ক এলাকার ইউনুচ আলী বেগের ছেলে। তিনি অটোরিকশার ব্যবসা করতেন।
আজ দুপুরে জুলফিকারের বাবা ইউনুচ আলী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে জুলফিকারের বন্ধু শাহরিয়ার কবীরসহ অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজনকে আসমি করা হয়েছে।
জুলফিকারের স্ত্রী সোনিয়া বেগ প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শাহরিয়ার ফোন করে তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বাড়ির পাশের বাবলাতলায় পৌঁছাতেই তিনটি মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা তাঁকে ঘিরে ধরে। এ সময় সন্ত্রাসীরা জুলফিকারের কোমরে পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলে উঠতে বলে। পরিস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন জুলফিকার। সময় সন্ত্রাসীদের চালানো গুলিতে আহত হন তিনি। এ সময় একটি গুলি তার কোমারে বিদ্ধ হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, ঘটনার আগের দিন স্থানীয় একটি আবাসিক হোটেলে জুলফিকার ও শাহরিয়ারের মধ্যে বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরে শাহরিয়ার তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে জুলফিকারের ওপর হামলা চালাতে পারেন। গতকাল রাতেই শাহরিয়ারকে তাঁর বেজপাড়ার এলাকার বাড়ি থেকে আটক করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।