যশোরের মনিরামপুরে বোমা ও ছুরি মেরে পরিমল পাল (৪৯) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে বড় অঙ্কের টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মনিরামপুর পৌর শহরের দোলখোলার মোড়ে ওই ব্যবসায়ীর নিজ বাড়ির সামনে গত শনিবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে একই দিন গভীর রাতে ঝিকরগাছার গদখালী মঠবাড়ি এলাকার একটি মুঠোফোন কোম্পানির নেটওয়ার্ক টাওয়ারের নৈশপ্রহরী আবদুল ওহাব দফাদারকে (৭৫) হত্যা করে ব্যাটারিসহ যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মনিরামপুরে নিহত পরিমল পাল উপজেলার মুদি দোকান পাল অ্যান্ড ব্রাদার্সের অংশীদার ছিলেন। পৌর শহরের দোলখোলা মোড়ের মহাদেব পালের ছেলে তিনি।
পুলিশ ও স্বজনদের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার পরিমলের ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা ছিল। ব্যাংক বন্ধ থাকায় হালখাতায় আদায় হওয়া টাকা শনিবার রাত ১০টার দিকে পাল অ্যান্ড ব্রাদার্সের ব্যবসায়িক অংশীদার তিন ভাই রতন পাল, কার্তিক পাল, পরিমল পালসহ চারজন একটি মাইক্রোবাসে করে দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির সামনে টাকার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামামাত্র কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। ঘটনাটি দেখে সেখানে দায়িত্বরত নৈশপ্রহরী আবুল হোসেন দৌড়ে পরিমলকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পরিমলের বুকে-পিঠে কোপ দেয়। এরপর টাকার ব্যাগ ছিনিয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় পরিমলকে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।
পরিমলের ভাই কার্তিক পালের জামাই জয়ন্ত কুমার পাল গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বাড়ির গেটে পৌঁছালেই সন্ত্রাসীরা হামলা করে। হালখাতায় আদায় হওয়া টাকা ছিনতাই করার উদ্দেশ্যে এ হামলা হতে পারে বলে আমরা ধারণা করছি।’
মনিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন বলেন, ‘অন্যান্য দিন ব্যবসার টাকাসহ তাঁদের (পরিমলদের) তিন ভাইকে বাড়ি পৌঁছে দেন দোকানের কর্মচারীরা। কিন্তু শনিবার নিজেদের মাইক্রোবাসে করে খুলনায় ডাক্তার দেখাতে যান রতন পাল। রাতে তিনি দোকানে ফিরে দুই ভাইকে গাড়িতে তুলে বাসায় ফিরছিলেন। আমাদের ধারণা, ছিনতাইকারীরা বাড়ির পাশে আগে থেকে ওত পেতে ছিল।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, ঘটনাস্থল দুটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে খুনিদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
ঝিকরগাছায় নিহত নৈশপ্রহরী আবদুল ওহাব দফাদার উপজেলার বায়সা গ্রামের ইউসুপ দফাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্থানীয় লোকজন টাওয়ার অফিসের বারান্দায় ওহাব দফাদারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিকরগাছা থানার ওসি মাসুদ করীম বলেন, দুর্বৃত্তরা নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।