যশোরে ভৈরবের তীরে অবৈধ সিসা কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় সিদ্দিপাশা গ্রামে ভৈরব নদের তীরে অবৈধভাবে একটি সিসা কারখানা গড়ে তোলা হয়েছে। ওই কারখানার ধোঁয়া ও বর্জ্যে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
উপজেলার সিদ্দিপাশা গ্রামের দক্ষিণ-পূর্ব পাশে বয়ে গেছে ভৈরব নদ। সেখান থেকে বেরিয়ে এসেছে মুজুতখালী খাল। খালটির উৎপত্তিস্থলের পাশে নদের পাড়ে সিসা কারখানার অবস্থান। ওই গ্রামের দুই ভাই জিয়াউর রহমান মোল্যা ও রফিকুল ইসলাম মোল্যা দুই বছর আগে কারখানাটি গড়ে তোলেন।
গত ২৭ এপ্রিল দেখা যায়, কারখানার মেঝেতে ইট বিছানো, তার ওপর গোলাকৃতি ইটের বেষ্টনী। ওপরে সিমেন্ট-বালুর ঢালাই। এর ঠিক মাঝখানে চুলার মতো একটি গর্ত। কিছুটা দূরে একটি ডিজেলচালিত অগভীর নলকূপের মেশিন। সেখান থেকে একটি পাইপ ওই গর্ত পর্যন্ত চলে গেছে। পাশে অনেকগুলো ইজিবাইকের ব্যাটারির খোলস বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এক পাশে প্লাস্টিকের কয়েকটি বস্তায় কয়লা ভরে রাখা হয়েছে। কারখানার তিন পাশে বাঁশবাগান। এক পাশে ভৈরব নদ। কিছুটা দূরে সিদ্দিপাশা গ্রামের সোনাতলা ভদ্রপাড়া ও গাজিপাড়া। ওই দুই পাড়ায় দুই শতাধিক পরিবারের বসবাস।
বিষয়টি নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলেন এ প্রতিনিধি। কিন্তু তাঁদের কেউই নাম প্রকাশ করতে চাননি। তাঁরা বলেন, রাতে কারখানায় ইজিবাইকের পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সিসা বের করা হয়। রাতে যখন ব্যাটারি পোড়ানো হয়, তখন গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সকালে বিভিন্ন স্থানে সাদা সাদা বর্জ্য পড়ে থাকে। তাঁরা বলেন, দুই ভাই দুর্ধর্ষ প্রকৃতির। এ জন্য তাঁরা ভয়ে কিছু বলতে পারেন না।
সোনাতলা ভদ্রপাড়া পাড়ার একজন গৃহবধূ বলেন, ‘ধোঁয়ায় নিশ্বাস নিতে খুব কষ্ট হয়। ভয়ে কিছু বলতে পারি না।’
গাজিপাড়ার একজন কৃষক বলেন, ‘সিসা কারখানার ধোঁয়া, উৎকট গন্ধ ও সাদা বর্জ্যে এলাকায় টেকা দায় হয়ে পড়েছে। এলাকার অনেকেই হাঁপানি, কাশি, মাথা ব্যথা, বমি বমি ভাবসহ নানা রোগে ভুগছে। তাদের অনেকবার কারখানাটি সরিয়ে নিতে বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
সিসা কারখানার পাশে ছোট্ট একটি টিনের চালা। সেখানে একটি চৌকিতে শুয়ে ছিলেন কারখানার শ্রমিক আবু বক্কার সিদ্দিক। তিনি বলেন, পরিত্যক্ত ব্যাটারির কোষগুলো সিমেন্টের মতো জমাট বেঁধে যায়। চুলার ভেতর কাঠ ও কয়লা দিয়ে পরতে পরতে অ্যাসিড মিশ্রিত জমাট বাঁধা বর্জ্য সাজানো হয়। এরপর আগুন ধরিয়ে দিয়ে পাইপের মাধ্যমে মেশিনের সাহায্যে বৈদ্যুতিক পাখা দিয়ে প্রচণ্ড বেগে বাতাস দেওয়া হয়। কাঠ ও কয়লা পুড়ে আগুনের কুণ্ডলী সৃষ্টি হয়। সিসা পুড়ে তরল হয়। এরপর একটি লম্বা চামচ দিয়ে বর্জ্য সরিয়ে সিসা লোহার কড়াইতে রাখা হয়। ঘন ধোঁয়া চিমনি দিয়ে বের হয়ে যায়। তিনি বলেন, ‘ইজিবাইকের পরিত্যক্ত ব্যাটারির আকারভেদে ৬ থেকে ২৩ কেজি পর্যন্ত সিসা পাওয়া যায়। সিসা চকচক করে। দিনের বেলা সিসা ও বর্জ্য চেনা যায় না। এ জন্য রাতে সিসা গলানো হয়। এখানে আমিসহ চার-পাঁচজন শ্রমিক কাজ করি।’
এ বিষয়ে জানতে কারখানার মালিক জিয়াউর রহমান ও রফিকুল ইসলামের বাড়িতে গেলেও তাঁদের পাওয়া যায়নি। রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, ‘সিসা কারখানাটি মূলত আমার। ভাইকে সঙ্গে নিয়ে এটি তৈরি করেছি। কারখানার আশপাশে কোনো ঘরবাড়ি নেই। এলাকাবাসীর যাতে অসুবিধা না হয়, সে জন্য ভৈরব নদের তীরে জায়গা কিনে এটি তৈরি করেছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার চেষ্টা করছি।’
পরিবেশ অধিদপ্তর, যশোর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, এ ধরনের সিসা কারখানা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। সিসা কারখানার বর্জ্য ও ধোঁয়া থেকে নানা দুরারোগ্য ব্যাধি, এমনকি ক্যানসার হতে পারে। অধিদপ্তর থেকে এ ধরনের কারখানার কোনো ছাড়পত্র দেওয়া হয় না। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।