যশোরে মানবাধিকারকর্মী আটক
দুপুরে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাড়িতে ফিরে সন্ধ্যায় আটক হলেন মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিক। সম্মেলনে তিনি অভিযোগ করেন, নিজের ছেলেকে (সবুজ মল্লিক) সাদাপোশাকে পুলিশ আটক করে ফেনসিডিল দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। তবে পুলিশ বলেছে, তাঁকে প্রতারণার মামলায় আটক করা হয়েছে।
বিনয় কৃষ্ণ মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক ও যশোর প্রেসক্লাবের সদস্য। আজকের সংবাদ সম্মেলনে তিনি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরে তাঁর বরখাস্ত ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
সন্ধ্যায় যশোর শহরের ঘোপ এলাকার বাড়ি থেকে সাদাপোশাকে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিনয় কৃষ্ণ মল্লিকের মেয়ে দিতি মল্লিক প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাদাপোশাকে ১০-১২ জন বাড়িতে গিয়ে পুলিশের লোক দাবি করে টেনেহিঁচড়ে বাবাকে ধরে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে বন্দুক ছিল।’
রাইটস যশোরের একজন কর্মকর্তা বলেন, ‘প্রেসক্লাবে সংবাদ সম্মেলন চলার সময় দুই দফা পুলিশ অফিসে গিয়ে বিনয় মল্লিককে খোঁজ করে যায়। বিকেলেও পুলিশ তাকে খুঁজতে আসে। তিনি বাসায় আছেন জানালে পুলিশ বাসায় গিয়ে তাঁকে আটক করে।’
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘নরসিংদী থানার প্রতারণার একটি মামলায় বিনয় কৃষ্ণ মল্লিককে আটক করা হয়েছে।’