যশোরে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর ভাইকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

যশোরের বাঘারপাড়া উপজেলায় পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধকে (৭০) গলা কেটে হত্যা করা হয়েছে। ওই বৃদ্ধের নাম তফসির মোল্লা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার প্রেমচারা গ্রামের নিজ ঘরের বারান্দায় ওই বৃদ্ধকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

নিহত তফসির মোল্লা প্রেমচারা গ্রামের গোলাপদী মোল্লার ছেলে। ওই এলাকায় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আমজাদ হোসেন মোল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন তফসির মোল্লার চাচাতো ভাই এহিয়ার রহমান।

আমজাদ হোসেনকে রাজাকার উল্লেখ করে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে এহিয়ার রহমান সাক্ষ্য দেওয়ায় তাঁর চাচাতো ভাই তফসির মোল্লাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

তফসির মোল্লার ছেলে শাহিনুর রহমান জানান, তাঁর বাবা প্রায় এক বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। গতকাল রাতে তাঁর বাবা ও মা ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে আমজাদ হোসেন মোল্লার ছেলে খোকন মোল্লা ও তাঁর সহযোগী টুটুল মণ্ডলের নেতৃত্বে জাহিদুল, জুলফিকার, মানিক, আলম, আশিক, শহিদুল, মনির, তোরাব ও টুকুল বঁটি নিয়ে বাড়িতে আসেন। এরপর তাঁরা ঘুমন্ত অবস্থায় তাঁর বাবাকে গলা কেটে হত্যা করেন। মায়ের চিৎকারে তিনি ঘর থেকে বাইরে এসে তাঁর বাবাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি খোকন মোল্লা ও তাঁর সহযোগীদের চলে যেতে দেখেন।

আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার সাক্ষী এহিয়ার রহমান জানান, তাঁকে মামলায় সাক্ষ্য দিতে নিষেধ করেছিলেন আমজাদ হোসেন মোল্লার ছেলে খোকন মোল্লা ও তাঁর সহযোগীরা। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। তিনি মামলার সাক্ষ্য দিয়েছেন। এই কারণে তাঁর ভাইকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, কয়েক মাস আগেও ওই ব্যক্তিরা তাঁর ভাই আবদুল খালেক মোল্লা ও ভাইপো জহিরুলকে দুই দফায় ব্যাপক মারধর করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গতকাল দিবাগত রাতে তফসির মোল্লাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।