যশোরে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের পিটুনিতে আহত শামীম হোসেন (২৫) নামের এক যুবক আজ শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শামীমের খালা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেছেন।

শামীম শহরের ঘোপ এলাকায় খালার বাড়িতে থাকতেন। তাঁর বাড়ি মাগুরার শালখা উপজেলার শতখালী গ্রামে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে একজন শামীমকে মুঠোফোনে নিউমার্কেট এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে কয়েকজন দুর্বৃত্ত রড দিয়ে তাঁকে বেদম পিটিয়ে ফেলে যান। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে যশোর সদর উপজেলার উপশহর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন প্রথম আলোকে বলেন, শামীমকে যারা হত্যা করেছেন, তাদের পরিচয় জানা গেছে। শামীম ও হত্যাকরীরা একসঙ্গেই চলাফেরা করতেন। মুঠোফোনে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। শামীমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা আছে।