যশোরে যুবদল নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার গরুহাটা এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে মিন্টু পাটোয়ারী (৪০) নামে এক যুবদল নেতা খুন হয়েছেন। তিনি অভয়নগর থানা যুবদলের যুগ্ম সম্পাদক। 

পরিবারের অভিযোগ, জমি বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতেই খুন হয়েছেন মিন্টু।
নিহত মিন্টু পাটোয়ারীর মা ফিরোজা বেগম বলেন, জমি বিক্রির টাকা নিয়ে আজ সকালে মিন্টু পাটোয়ারীর সঙ্গে তার ভাই
রুহুল আমিন পাটোয়ারীর বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির সামনে রুহুল আমিনের ছেলে আশিকসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে মিন্টুকে কুপিয়ে চলে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম মোল্যা বলেন, ঘটনা শুনেছি। ঘটনায় জড়িতরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।