যশোরে রেল লাইন থেকে ২ যুবকের লাশ উদ্ধার
যশোর সদর উপজেলার মেহেরুল্লাহনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে দুই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত দুজন হলেন যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি গ্রামের শুকুর আলী (২৫) ও পার্শ্ববর্তী বাগমারা গ্রামের ছমির আলী (৩০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, সকালে মেহেরুল্লাহনগর রেল স্টেশনের পাশে রেল লাইনের দেড় কিলোমিটার দূরত্বে দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ রেলওয়ে পুলিশ খুলনা থানার সহকারী উপপরিদর্শক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, লাশ দুটির মাথা থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, ট্রেনের সঙ্গে আঘাত লেগে এটি হতে পারে। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় চূড়ামনকাঠি ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নানের মাধ্যমে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের খুলনা থানায় অপমৃত্যুর দুটি মামলা হয়েছে।
শুকুর আলীর স্ত্রী চায়না বেগম সাংবাদিকদের বলেন, পূজা দেখতে যাওয়ার কথা বলে রোববার রাত সাড়ে আটটার দিকে একটি ছেলে বাড়ি থেকে শুকুরকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে রেল লাইনে লাশ পড়ে থাকতে দেখেন তিনি।
ছমির আলীর ভাই জামির হোসেন জানান, একটি মামলায় জামিন নিয়ে ছমির কয়েক দিন আগে কারাগার থেকে বের হয়েছে। গতকাল রোববার সে বাড়িতেই ছিল। কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তিনি জানেন না।
দুজনের ব্যাপারে জানতে চাইলে চূড়ামনকাঠি ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘দুজনই নেশা করত। নিহত দুজনের মধ্যে বন্ধুত্বের কোনো সম্পর্ক ছিল কি না-তা জানা নেই। তবে ধারণা করা হচ্ছে, নেশার ঘোরে তারা হয়তো ট্রেনে কাটা পড়তে পারে।’