যশোরে শিশুকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে আল ফাতিম নামে দেড় বছরের এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওই শিশু নরেন্দ্রপুর গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে। আল আমিন বিশ্বাস মালয়েশিয়াপ্রবাসী।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুর দাদি মনোয়ারা বেগমসহ (৫৫) দুজনকে গতকাল শুক্রবার সকালে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আল ফাতিমের মা রোজিনা খাতুন বাদী হয়ে গতকাল বিকেলে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মনোয়ারা বেগমসহ চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নরেন্দ্রপুর গ্রামের আল আমিনের বাড়ির একটি ঘরে আগুন ধরে যায়। ওই ঘরে শিশু আল ফাতিম ও তার সৎমা সীমা বেগম ঘুমিয়ে ছিলেন। আগুনে দুজনের শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ফাতিম ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় সীমাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে আটটায় গিয়ে ফাতিমের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ পেট্রলের একটি বোতল ও দেশলাই উদ্ধার করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ঘরের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে শিশুটিকে হত্যা করা হতে পারে। আল আমিনের একাধিক স্ত্রী রয়েছে। বিদেশ থেকে টাকা পাঠানো ও আরেকটি বিয়ে করা নিয়ে আল আমিন বিশ্বাসের সঙ্গে মা মনোয়ারার দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে শিশুটিকে আগুন দিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত শিশুর মা রোজিনা খাতুন বলেন, ‘দীর্ঘদিন সংসার করার পর ১০ মাস আগে আল আমিনের সঙ্গে আমার তালাক হয়েছে। দুই ছেলে নিয়ে বাঘারপাড়া উপজেলায় আমার বাবার বাড়িতে থাকি। আল আমিন আমাকে আবার বিয়ে করতে চায়। আমি বলেছি, দুই ছেলের নামে জমি লিখে দিলে বিয়ে করতে পারি। তিনি রাজিও হয়েছেন। এই কথা জেনেছেন আল আমিনের মা মনোয়ারা। পাঁচ দিন আগে কৌশলে তিনি আমার ছেলেকে তাঁর কাছে নিয়ে রাখেন। ছেলেকে নিতে চাইলে তিনি জোর করে আটকে রাখেন। অবশেষে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। আমি এর কঠিন শাস্তি চাই।’