যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ পেতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতা মীর জহুরুল ইসলাম। ওই কাজের দরপত্র জমা না দিতে অন্য ঠিকাদারদের ওপর চাপ সৃষ্টি করা এবং জমা দেওয়া দরপত্র প্রত্যাহারে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করে যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি দলের নিবেদিত কর্মী। সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করেছিলাম আমাকে কাজটি দেওয়ার জন্য। সাধারণ ঠিকাদারদের হাতে-পায়ে ধরে অনুরোধ করে দরপত্র প্রত্যাহার করিয়েছি।’
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ওই চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হবে। নির্মাণকাজের জন্য গত ১৫ অক্টোবর দরপত্র আহ্বান করা হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত ২৭টি শিডিউল বিক্রি হলেও মাত্র সাতটি দরপত্র জমা পড়ে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল সোমবার বেলা একটা। যশোরের পুলিশ সুপারের কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স রাখা ছিল। সকাল থেকে যুবলীগের নেতা-কর্মীরা পুলিশ সুপারের কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের আশপাশে অবস্থান নেন।
অভিযোগ উঠেছে, জমা দেওয়া সাতটি দরপত্রের মধ্যে ঠিকাদারদের ভয় দেখিয়ে পাঁচটিই প্রত্যাহার করানো হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য মাত্র দুটি দরপত্র নেওয়া হয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হয়েছে মীর জহুরুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান সনেক্স ইন্টারন্যাশনাল জেভি। সর্বনিম্ন দরদাতা হওয়ার বিষয়টি স্বীকার করেন জহুরুল ইসলাম।
দরপত্র প্রত্যাহার করা একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের চাপে দরপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, ‘দরপত্র জমা দিতে কেউ কাউকে বাধা দিয়েছে কি না, তা জানা নেই। কেউ কোনো অভিযোগ করেননি।’