যশোরে সাত কেন্দ্রে বিস্ফোরণ, একজনকে গণপিটুনি
যশোর ও চৌগাছা পৌরসভায় সাতটি ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চৌগাছায় দুটি ও যশোরে পাঁচটি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। এতে জড়িত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
১৯টি কেন্দ্রে ভোটের ফল স্থগিত করার দাবি জানিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী মারুফুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতেই এসব কেন্দ্রে ৬০ ভাগ ব্যালট পেপার বাক্সে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর প্রেসক্লাবে এক ব্রিফিংয়ে মারুফুল ইসলাম এ কথা বলেন। আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করে ব্যালটবাক্সে ব্যালট পেপার ফেলছেন বলে তাঁর অভিযোগ।
সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা পৌরসভার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ও হাজী মোর্তজা আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার সন্দেহে মো. সুজন হোসেন নামে এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। তিনি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে সুজন এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সেখানে বেড়াতে গিয়েছিলেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে যশোর জিলা স্কুল ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রোমানা ইসলাম নামে বিএনপির এক পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আলী আক্কাস বলেন, তিনি ব্যালটবাক্স আছড়ে ভেঙে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে।
সকালে যশোর পৌরসভার পাঁচটি ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এগুলো হলো রায়পাড়া রেলস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া আমিনিয়া মাদ্রাসা, গোলাম হোসেন প্যাটল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসা (পুরাতন ভবন) এবং আল-হাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসা (টিনশেড)। কোতোয়ালি থানার ওসি সিকদার আলী আক্কাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এসব ঘটনায় কেউ হতাহত হননি।