যশোরে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
যশোরে রাকিব রায়হান (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় দুই যুবক যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাকিবের মরদেহ রেখে পালিয়ে যায়।
রাকিব যশোরের অভয়নগর উপজেলার বুনোরামনগর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে। তিনি অভয়নগরের কাজী আবু মোকাররম ফজলুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। মৃতদেহ হাসপাতালে আনার পর কাছে থাকা পরিচয়পত্র থেকে এ পরিচয় জানা গেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, সন্ধ্যায় দুই যুবক জরুরি বিভাগে এসে এক তরুণকে রেখে বিদ্যুৎ গতিতে চলে যায়। চিকিৎসা দিতে গিয়ে দেখা গেছে, আগে থেকেই তিনি মারা গেছেন। তাঁর বুক, পেটসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখমের দাগ ছিল।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি শিকদার আক্কাছ আলী বলেন, ছুরি মেরে ছেলেটিকে হত্যা করা হয়েছে। কোথায়, কে বা কারা তাঁকে হত্যা করেছে, এর কিছুই এখনো জানা যায়নি বলে রাত সাড়ে আটটার দিকে তিনি জানান।