যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। ছবি: প্রথম আলো
যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। ছবি: প্রথম আলো

যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নানকে (৫০) গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। শহরের বেজপাড়া পিয়ারি মোহন সড়কের রানার পত্রিকা কার্যালয়ের সামনে আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া দিলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

এদিকে, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরে প্রতিবাদ মিছিল বের করেন। শহর ঘুরে মিছিলটি দড়াটানায় গিয়ে শেষ হয়।

শহরের বেজপাড়া এলাকার পিয়ারিমোহন, টিবি ক্লিনিক ও মাহফুজ সড়কের মাদক ব্যবসা, সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে শান্তি-শৃঙ্খলা কমিটি নামে একটি কার্যকরী কমিটি রয়েছে। ওই কমিটির সভাপতি ছিলেন আবদুল মান্নান।

কমিটির সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির নেতা জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবদুল মান্নানের সক্রিয় ভূমিকার কারণে চার-পাঁচ বছর ধরে এলাকায় মাদক ও সন্ত্রাস মাথাচাড়া দিতে পারেনি। তাঁর এ ভূমিকার কারণে বিভিন্ন সময়ে যাদের স্বার্থে আঘাত লেগেছে, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমরা মনে করি।’

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, বিকেলে মান্নান পিয়ারিমোহন সড়কে নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে গিয়ে বসেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই-তিন যুবক আকস্মিকভাবে সেখানে গিয়ে প্রথমে মান্নানের বুকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে গলার শ্বাসনালি কেটে বেরিয়ে যায়। স্থানীয় লোকজন দেখে তাদের ধাওয়া দেয়। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘গুলির মতো শব্দ শুনে মান্নান ভাইয়ের অফিসের দিকে এগিয়ে যাই। এ সময় দেখি তিনজন বেরিয়ে যাচ্ছে। তাদের মধ্যে গেঞ্জি পরা এক যুবকের কোমরে পিস্তল দেখে চিত্কার দিয়ে তাদের ধাওয়া করি। সঙ্গে কয়েকজন যোগ দেয়। এ সময় তারা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বোমার ধোঁয়ার মধ্যে তাদের আমরা হারিয়ে ফেলি। এরপর তিনটি মোটরসাইকেল নিয়ে পাড়ার অলিগলিতে তাদের খোঁজা হয়। কিন্তু পাওয়া যায়নি।’

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু সাংবাদিকদের বলেন, খুনিদের গ্রেপ্তারের দাবিতে তাত্ক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে। তিনি বলেন, এলাকার মানুষের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য কাজ করতে গিয়ে মান্নানকে খুন হতে হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আমরাও শুনেছি, এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আবদুল মান্নানের একটি ভূমিকা ছিল। সেই কারণে হয়তো সন্ত্রাসীদের টার্গেটে পড়েন তিনি।’

মান্নান বেজপাড়া এলাকার মাহফুজ সড়কের বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে। তাঁর তিন ছেলে-মেয়ে রয়েছে।