যশোরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরল বিশ্বাসে সদ্যোজাত নাতিকে অপরিচিত এক নারীকে কোলে নিতে দিয়েছিলেন দাদি। সেই সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে গেছেন ওই নারী। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটেছে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। সন্তানের জন্য প্রসূতি বিভাগে আহাজারি করছিলেন তার মা রূপালী খাতুন। এর আগে গত বছরের ১৯ নভেম্বরও এই হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছিল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম কামরুল ইসলাম বলেন, গত শনিবার অস্ত্রোপচারের মাধ্যমে রূপালীর ছেলের জন্ম হয়। গতকাল দুপুরে তাঁর নবজাতক চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই চোরকে শনাক্ত করার সুযোগ রয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।

যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রূপালী খাতুন প্রথম আলোকে বলেন, ‘বোরকা পরা অপরিচিত এক নারী সকাল থেকে ওয়ার্ডে ঘুরঘুর করছিলেন। বারবার আমার ছেলেকে কোলে নিতে চাইছিলেন। আমি দিতে রাজি হইনি। কিন্তু আমার শাশুড়ি বুঝতে পারেননি। সরল বিশ্বাসে কোন ফাঁকে তিনি আমার ছেলেকে ওই নারীর কোলে দেন। আর ওই নারী কৌশলে আমার সন্তানকে নিয়ে পালিয়ে যান।’ সাইফুল ইসলাম দরজির কাজ করেন। চুরি যাওয়া শিশুটি এই দম্পতির দ্বিতীয় ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর চিকিৎসা সহায়তার জন্য ছবি তোলার কথা বলে হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে ৯ দিনের নবজাতককে এক নারী চুরি করেন। ওই ঘটনায়ও কোতোয়ালি থানায় মামলা হয়েছিল। চুরির মাসখানেক পর কেশবপুর উপজেলা থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।