যশোরে হিযবুত তাহরীরের আঞ্চলিক নেতা আটক
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক নেতা তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে (২২) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
তানজীব পুরাতন কসবা এলাকার আবদুল আজিজের ছেলে ও যশোর সরকারি সিটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
আজ বেলা সাড়ে ১১টার দিকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে বলেন, ৪ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনের পর সারা দেশেই বিশেষ নজরদারি শুরু হয়। এরপর পুলিশ সদর দপ্তরের কারিগরি সহায়তায় তানজীবকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। আটকের সময় তাঁর কাছ থেকে হিযবুত তাহরীরের ২০০টি প্রচারপত্র, ৬০টি জিহাদি বই ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ল্যাপটপে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিজিও ফুটেজ রয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ প্রমুখ।