যশোরের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে ১৪ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁদের নাম-ঠিকানা ও ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে শহরে সাঁটিয়ে দেওয়া হয়েছে। ১৪ জনের মধ্যে তিনজন নারী। এই মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ।
যশোরে মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে ১০০ দিনের কর্মসূচি নিয়ে গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার আনিসুর রহমান। এতে ওই ১৪ জন মাদক ব্যবসায়ীর বিষয় তুলে ধরেন তিনি।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক পর্যায়ে ১৪ জন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার জন্য পোস্টার ছাপানো হয়েছে। ‘হ্যালো যশোর পুলিশ’ অ্যাপসের মাধ্যমে তাঁদের বিষয়ে তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে।
১৪ জনের মধ্যে আটজনকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা করে ও ছয়জনকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশের ‘সোর্স মানি’ থেকে এই টাকা দেওয়া হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে (বিকাশ বা অন্য কোনো উপায়ে) অথবা নগদে পুরস্কারের অর্থ পরিশোধ করা হবে।
১০০ দিনের অর্জন
মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে যশোর জেলা পুলিশ গত ১০ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের বিশেষ কর্মসূচি শুরু করে। গতকাল ওই কর্মসূচি শেষ হয়। মতবিনিময় সভায় এ কর্মসূচির অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি নতুন করে আরও ১০০ দিনের কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। ১ জুন থেকে নতুন কর্মসূচি শুরু হবে।
শেষ হওয়া ১০০ দিনের কর্মসূচি চলাকালে তিনজন মাদক ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টিকে অর্জন হিসেবে দেখছে পুলিশ। গতকালের সভায় পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট সেলিম হোসেন, একসের আলী ও সাইদুর রহমান নিহত হয়েছেন। এ ছাড়া ওই ১০০ দিনে জেলার বিভিন্ন স্থান থেকে ২৪ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, মদ, তাড়ি ও স্পিরিট উদ্ধার হয়েছে, যা স্বাভাবিক সময়ে ১ বছরেও হয় না। ওই সময়ে ১ হাজার ২৬টি মাদকের মামলা হয়েছে, যাতে ১ হাজার ৪৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ১টি রিভলবার, ১২টি বিদেশি পিস্তল, ১টি দেশি পিস্তল ও ৭টি পাইপগানের পাশাপাশি গুলি, ছুরি, চাকু, বোমা ও রামদা উদ্ধার হয়েছে।