যশোরে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত, আটক একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক (২৪) নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, যশোর শহরের শংকরপুর এলাকার বাবলাতলায় বৃহস্পতিবার দিবাগত রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

এ সময় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। পুলিশের দাবি, আটক ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আবুল বাশার মিয়া বলেন, যশোর শহরের শংকরপুর এলাকার বাবলাতলায় যশোর-খুলনা মহাসড়কের পাশে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে রাত ৩টা ১০ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মহাসড়কের ওপর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তাঁর নাম হৃদয় খাঁ (২০)। বাড়ি যশোর সদর উপজেলার কৃষ্ণবাটী গ্রামে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি গুলি ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহ সবুজ বলেন, ‘নিহত যুবকের মাথায় গুলি লেগেছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’