যশোরে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত, পরিচয় মেলেনি
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ বলেছে, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশের দাবি, একটি মাইক্রোবাসে করে পুলিশের একটি দল যশোর-মাগুরা মহাসড়ক দিয়ে ইছালী এলাকার দিকে যাচ্ছিল। পথে পাঁচবাড়িয়া এলাকায় দড়ি ঝুলিয়ে সড়ক আটকানো দেখে পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামেন। এ সময় ১৫-২০ জন দুর্বৃত্ত পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন গতকাল বুধবার বলেন, দুর্বৃত্তরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা ১০টি গুলি ছোড়ে। তবে ডাকাতদের গুলিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। ওসি বলেন, ময়নাতদন্তের জন্য গুলিবিদ্ধ লাশটি বিকেল চারটা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। ওই সময় পর্যন্ত কেউ লাশের সন্ধানে আসেননি। পরে তা বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুলের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।