যশোরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত
যশোর সদর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি (৩৮) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার রহমতপুর কানাগেট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন। দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন। তবে পুলিশ তাঁর পরিচয় জানতে পারেনি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, গতকাল রাত সাড়ে তিনটার দিকে রহমতপুর কানাগেট এলাকায় গোলাগুলি চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসির দাবি, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, গাছ কাটা করাত, দড়ি ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।