যশোরে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
যশোরের মনিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বেগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ককটেল ও পেট্রলবোমা উদ্ধারের দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
নিহত দুই ব্যক্তি হলেন আবু সাঈদ ও বজলুর রহমান। তাঁদের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁরা উপজেলার জয়পুর গ্রামে থাকতেন।
ঘটনা সম্পর্কে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদের ভাষ্য, সাঈদ ও বজলুরকে গতকাল বিকেলে আটক করা হয়। রাতে তাঁদের নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। রাত আড়াইটার দিকে উপজেলার বেগারিতলা এলাকায় পৌঁছালে আটক হওয়া ব্যক্তিদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই দুজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসির দাবি, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি, ১২টি পেট্রলবোমা ও নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। নিহত দুই ব্যক্তি ২০১৩ সালে জয়পুর গ্রামে সংঘটিত নাশকতার ঘটনায় করা আটটি মামলার আসামি ছিলেন।