যশোরে 'বন্দুকযুদ্ধ', নিহত ১
যশোরের মনিরামপুর উপজেলার ব্যাগারিতলা এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মাহাবুব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের ব্যাগারিতলায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, মাহাবুব (৩৫) ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বাড়ি কেশবপুর উপজেলার ব্যালোকাটি গ্রামে। তাঁর বিরুদ্ধে কেশবপুর থানায় ১৪টি মামলা রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদের ভাষ্য অনুযায়ী, উপজেলার ব্যাগারিতলা এলাকায় রাত পৌনে তিনটার দিকে একদল ডাকাত রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে গাছ কেটে রাস্তার ওপর ফেলে যানবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে ডাকাতদের ছোড়া বোমা ও গুলিতে মাহাবুব গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। লাশ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার ওসি আবদুল জলিল প্রথম আলোকে জানান, মাহাবুবের বিরুদ্ধে কেশবপুর থানায় ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। সম্প্রতি কেশবপুরে যাত্রীবাহী পরিবহনে ডাকাতির ঘটনায় মাহাবুবও জড়িত ছিলেন।