যশোরে 'বন্ধু'র ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে আজ বুধবার প্রকাশ্যে ‘বন্ধু’র ছুরিকাঘাতে লোকনাথ দে (১৮) নামের এক কলেজছাত্র মারা গেছেন। এ ঘটনায় ওলি-উজ-জামান ওরফে লিমু নামে লোকনাথের আরেক বন্ধু গুরুতর জখম হয়েছেন।
লোকনাথ শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ষষ্ঠিতলা পাড়া এলাকার কানাইলাল দের ছেলে। আহত লিমু বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) প্রথম বর্ষের ছাত্র। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের কাছে শামস-উল-হুদা স্টেডিয়াম মার্কেটের একটি দোকানে বসাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে লোকনাথের সঙ্গে তাঁর বন্ধু অনিকসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে পানি উন্নয়ন বোর্ডের সামনে লোকনাথের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা লোকনাথ ও তাঁর সঙ্গে থাকা লিমুকে কুপিয়ে পালিয়ে যান। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা লোকনাথকে মৃত ঘোষণা করেন।
যশোর মডেল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে বন্ধুদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে অনিক নামের এক ছেলে লোকনাথ ও লিমুকে ছুরি মেরে পালিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে।