যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছায় আবদুস সামাদ মোল্লা (৫৫) নামের বিএনপির এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের কারিগরপাড়া এলাকার একটি বাড়িতে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। সামাদ উপজেলার দিঘড়ী গ্রামের নেহাল মোল্লার ছেলে।
সামাদকে পিটিয়ে হত্যা করার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে কারিগরপাড়ার হাফিজুর নামের এক ব্যক্তির বাড়ির আঙিনায় লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠায়।