যশোরের সেই ইমামকে পাওয়া যাচ্ছে না
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত যশোরের ফজলে রাব্বির সঙ্গে সম্পর্ক ছিল বলে আলোচিত সেই মসজিদের ইমামকে পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবারের দাবি, পুলিশ তাঁকে তুলে নিয়ে গেছে। পুলিশ বলছে, তাদের কাছে কোনো তথ্য নেই।
নিহত ফজলে রাব্বিদের গ্রাম যশোরের কিসমত নোয়াপাড়ার মসজিদের ইমাম ছিলেন মো. ইয়াহিয়া। একই সঙ্গে তিনি যশোর সদর উপজেলার বাহাদুরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।
গতকাল মঙ্গলবার ইয়াহিয়ার চাচা মো. আসাদুজ্জামান বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাদাপোশাকে পুলিশের দুজন সদস্য একটি মোটরসাইকেলে করে ইয়াহিয়াকে মাদ্রাসা থেকে তুলে নিয়ে গেছেন। এরপর তাঁর কোনো খোঁজ মিলছে না।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইয়াহিয়া নামে কাউকে পুলিশ আটক করেনি।’
নারায়ণগঞ্জে নিহত ফজলে রাব্বি গত ৫ এপ্রিল বাড়ি ছাড়েন। ৭ এপ্রিল তাঁর বাবা যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। তাতে স্থানীয় মসজিদের ইমাম ইয়াহিয়াসহ চারজনের নাম উল্লেখ করেন, যাঁদের সঙ্গে রাব্বির ঘনিষ্ঠতা বা যোগাযোগ ছিল।